
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ (ডাটা কালেকশন) কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সময়ে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়।
প্রথম ধাপে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাড়িয়াদেয়াড়া গ্রাম, মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কায়েমকোলা গ্রাম এবং ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ঝিকরগাছা কাটাখাল গ্রাম ডাটা কালেকশন শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা, গণনাকার জেসমিন সুলতানা, রুবিনা খাতুন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তহিদুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলমান ডাটা কালেকশন ওয়ার্ড গুলোর জনগণকে প্রয়োজনীয় কাগজপত্র, এনআইডি কার্ড, শিশুদের জন্ম নিবন্ধন, মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য নিজ নিজ বাড়িতে সংগ্রহ করে রাখার জন্য এবং গণনাকারীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply