
কে এম ইমরান,(রাঙামাটি প্রতিনিধি) ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল ও সেগুন গোলকাঠ আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর আওতাধীন বড়হরিণা বিওপি’র চেকপোস্টের সামনে সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় নৌকা থেকে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়। আটককৃত মালামালের মধ্যে ছিল বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, আমুল দুধ, মিকো, জিরা ও ইনহেলার। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।
এছাড়াও একই দিনে ছোটহরিণা ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি টহলদল পৃথক অভিযানে ৬৬.১০ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ আটক করে। আটককৃত সেগুন গোলকাঠের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১৭৬ টাকা ২০ পয়সা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply