
শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর (সাভার)প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় জিরানী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে আগুন লাগার এ ঘটনা ঘটে।
আগুন লাগার ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়া জিরানী বাজারে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করে।
ফায়ার সার্ভিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আসে, তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে রাত প্রায় আড়াইটা বেজে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি টিনসেট দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনা এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply