
শফিকুল ইসলাম সোহেল, ঢাকা জেলা (উত্তর) প্রতিনিধি :
সাভারে জলাবদ্ধতার দূর্ভোগে অতিষ্ঠ হয়ে তা দূর করার দাবিতে আজ সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১০টা পযর্ন্ত ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পরে । পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘর, রাস্তাঘাটে পানি উঠে চলাচলে অনুপযোগী হয়ে উঠে। এদিকে এ ঘটনার নিরসনে স্থানীয় কিছু লোকজন গ্রামবাসির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় অতিষ্ঠ ও ক্ষুব্ধ হয়ে আজ জলাবদ্ধতা দূর করার দাবিতে শত শত এলাকাবাসী নারী ও পুরুষরা রাজফুলবাড়িয়াধীন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পরে চলাচলরত যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা এসে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ঘন্টাখানেক পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, পানি নিস্কাশনের জন্য এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা তাদের কাছ থেকে বিপুল চাঁদা নিয়ে কাজ করেনি। এছাড়াও পানি নেমে যাওয়ার স্থানে জায়গা দখল করে বালু ভরাট পানি যাওয়ার পথ বন্ধ করায় তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর থেকে পরিত্রান পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার সমাধানের আশ্বাস দিয়ে বলেছেন, এটি দীর্ঘদিনের সমস্যা। আজকে সাময়িকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে রাজফুলবাড়িয়া এলাকার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুলের সামনের রাস্তাটিও টেন্ডার হয়েছে। সেটিও ঠিক হয়ে যাবে। অন্যান্য যেগুলো থাকবে সেগুলোরও পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ ঘটনার পেছনে কারও ইন্ধন বা চাঁদা তোলার ব্যাপারে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন।
Leave a Reply