
মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা উত্তর জেলা,বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “৫ আগস্টের পরে পূজা বন্ধ হয়ে যাবে, মানুষ পূজা করতে পারবে না—এমন ভয় দেখানো হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো বিপত্তি ঘটেনি। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা ধরে রাখতে হবে।”
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালগড় ইউনিয়নের সংচাইল গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজায় আগত নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “বিশ্বাসের জায়গায় আমাদের পার্থক্য আছে, কিন্তু সামাজিক সম্প্রীতি অটুট রয়েছে। বড়শালগড় বাজারে হিন্দু-মুসলিম ব্যবসায়ীরা মিলেমিশে কাজ করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সবাই একসাথে পড়াশোনা করছে। দেবিদ্বারের অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ধর্মের হলেও কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়নি।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবসময় বজায় থাকবে। এনসিপির পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম নিয়ে কারো কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন।”
এছাড়া তিনি পূজামণ্ডপ ও শ্মশানের জন্য উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, “আপনাদের প্রয়োজন হলে পূজা কমিটি বা মন্দির কমিটির সভাপতি দরখাস্ত করলে সেই বরাদ্দ পাওয়া যাবে।”
পরিদর্শনকালে দেবিদ্বার উপজেলার এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply