
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর ২০২৬) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পাওয়া ডা. শাহাদাত হোসেনকে এর আগেও প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব তৈরি করেছিল স্থানীয় সরকার বিভাগ। চলতি বছরের মার্চে এ উদ্যোগ নেওয়া হলেও তখন নিয়োগের আদেশ জারি হয়নি।
নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়া এবং মেয়র হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে প্রশ্নের মধ্যে এবার তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
Leave a Reply