
এম এ নোমান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:গ্রাম আদালতের মাধ্যমে মামলা গ্রহণ, নিষ্পত্তি ও সার্বিক কার্যক্রমে কুমিল্লা জেলার উপজেলাগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে চৌদ্দগ্রাম উপজেলা। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে গ্রাম আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ চৌদ্দগ্রাম উপজেলাকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে চৌদ্দগ্রাম উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে মোট ২১৪টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ২১২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে মোট ৭১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে প্রদান করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির সুযোগ তৈরি করে গ্রাম আদালত। এর মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ পর্যায়েই বিচারিক সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে স্থানীয় বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গ্রাম আদালতের মাধ্যমে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা পাওয়ার পথও সহজ হয়। বিশেষ করে স্ত্রী তার বকেয়া ভরণপোষণ আদায়ের মতো বিষয়ে আইন অনুযায়ী প্রতিকার পাওয়ার জন্য গ্রাম আদালতের সহায়তা নিতে পারেন।
সংশ্লিষ্টদের মতে, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে মানুষের আগ্রহ বাড়বে। পাশাপাশি মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা কমানো এবং সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
তাই গ্রামের ছোটখাটো বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অন্যদেরও সচেতন করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply