
মোঃ ইমরান হোসেন হৃদয়,শার্শা,যশোর,প্রতিনিধিঃনিজ শহর যশোরে একদিনের সরকারি সফর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন সরকারি দপ্তরের সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে পৌঁছান প্রতিমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন প্রধানমন্ত্রীর যশোর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল পরিদর্শন করেন এবং শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের অগ্রগতি, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আগামী ২৭ এপ্রিল প্রকল্পটির উদ্বোধনকে সামনে রেখে প্রতিমন্ত্রীর এই পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দুপুরে মাঠ পর্যায়ের কার্যক্রম শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ বিতরণ এবং বিকেল চারটায় “এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)” এর উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন।
সরকারি কর্মসূচির পাশাপাশি বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী। দিনব্যাপী আনুষ্ঠানিকতা শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল প্রথম খননের উদ্বোধন করা হয় ১৯৭৬ সালের ১ নভেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত।
সে সময় সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হওয়ার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উদ্যোগ।
Leave a Reply