
মো: আজাদ খান,চিতলমারীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে নাগরিক সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা সৈয়দ মুফতি মেহমুদ (মিলন)। এলাকাবাসীর দীর্ঘদিনের ভালোবাসা, উৎসাহ ও অনুপ্রেরণাতেই তিনি জনপ্রতিনিধি হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক ও পারিবারিকভাবে এলাকায় মেহমুদ মিলনের বেশ পরিচিতি রয়েছে। তিনি বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, চিতলমারী উপজেলা ছাত্রদলের সহসভাপতি এবং উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তাঁর পারিবারিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। মেহমুদ মিলন সাবেক সংসদ সদস্য প্রয়াত মুজাহিদুর রহমানের ভাতিজা এবং বড়বাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ নুরুল হকের নাতি।
সাধারণ একটি পরিবারের সন্তান হিসেবে মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনী মাঠে নামতে চান মেহমুদ মিলন। নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। কোনো ধরনের বৈষম্য ছাড়াই সরকারি সহায়তা, উন্নয়নমূলক কাজ ও নাগরিক সুবিধাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি।
এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
Leave a Reply