
মুমিন আহমদ মারুফ, সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কাজীটুলা এলাকার মক্তব গলির মুখে প্রধান সড়কের পাশে খোলা ড্রেন পড়ে রয়েছে বছরের পর বছর। জায়গাটি দিয়ে প্রতিদিন শত শত পথচারী চলাচল করলেও নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। ভাঙা ও অনুপস্থিত কংক্রিটের ঢাকনা (স্ল্যাব) এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
প্রতিদিন শিক্ষার্থী, নারী, শিশু এবং সাধারণ মানুষ এই ড্রেনের পাশ ঘেঁষে চলাচল করতে বাধ্য হচ্ছেন। ড্রেনের মুখে আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নগরীর সৌন্দর্য ও স্বাস্থ্যঝুঁকির জন্য মারাত্মক হুমকি।
ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশ ঘেঁষেই রয়েছে অগভীর ও নোংরা পানিতে ভর্তি খোলা ড্রেন। জায়গাটি মূলত পথচারীদের হাঁটার জন্য ব্যবহৃত হলেও, সেখানে নেই কোনো রেলিং বা কাঠামোগত সুরক্ষা। কয়েক জায়গায় ভাঙা ইট ও স্ল্যাব ঝুলে রয়েছে, যেকোনো সময় তা ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ—গত ২-৩ বছর ধরে এই অবস্থা চললেও সিলেট সিটি কর্পোরেশন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। একাধিকবার অভিযোগ করেও তারা সাড়া পাননি।
এক দোকানদার বলেন, “প্রতিদিন লোকজন পড়ে যায়, ছোট ছেলেমেয়েরা ভয় পেয়ে চলাচল করে। অথচ এই জায়গাটা শহরের ব্যস্ততম এলাকার একটি।”
এলাকাবাসী দ্রুত এই ড্রেনের উপর মজবুত ঢাকনা বসিয়ে রাস্তার পাশটিকে নিরাপদ করার দাবি জানিয়েছে। অন্যথায় এখানে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়।
Leave a Reply