
মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রাম থেকে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদও উপস্থিত ছিলেন।
সরকার মামুনুর রশীদ জানান, “আমরা সকাল থেকে ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রামসহ চারটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াইলাখ ঘনফুট পাথর জব্দ করেছি। উদ্ধার করা পাথর ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে ফেলা হবে। অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ধুপাগুলের বিভিন্ন ক্রাশার মিল থেকে দেড় লাখ ঘনফুট পাথর এবং মহালদি গ্রামে রাতের আঁধারে স্তুপ করে রাখা আরও এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
প্রশাসন জানায়, পাথর লুটকারীরা অবৈধভাবে মাটি ও বালুর নিচে পাথর জমিয়ে রাখছিল। অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়েছে।
এর আগে, শুক্রবার কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করা পাথরের মধ্যে ৫০ শতাংশ পুনরায় ভোলাগঞ্জে ফেলা হয়েছে, বাকিগুলোও প্রতিস্থাপন প্রক্রিয়াধীন।
Leave a Reply