
মোঃ আমজাদ হোসেন,দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগান্তরের নারী সাংবাদিক আঁখিনুর আক্তারের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার অভিযানে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাপ্রবাহ
মামলা সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে আঁখিনুর আক্তার দৈনিক যুগান্তরের ঢাকা সিটি প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি ঢাকায় থাকলেও তার মা রফেজা বেগম গ্রামের বাড়িতে একা থাকেন। পাশ্ববর্তী বাড়ির সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সাংবাদিকের মা একা বাড়িতে থাকার সুযোগে তাদের ঘরে মাদক রেখে ব্যবসা চালাতে চাইছিলেন সুমন। এ জন্য তিনি চাপ প্রয়োগ করলে রফেজা বেগম রাজি না হওয়ায় সুমন তাকে গালমন্দ ও মারধর করতে উদ্যত হয়।
বিষয়টি আঁখিনুর আক্তার জানতে পেরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার বিকেলে সুমন চন্দ্র দাস তার দলবল নিয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোনের উপর হামলা চালায় এবং মারধর করে।
মামলা ও গ্রেফতার
ওই ঘটনায় রোববার বিকেলে সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা (নম্বর ২৫) দায়ের করেন। মামলায় আসামি করা হয়—
সুমন চন্দ্র দাস
তার স্ত্রী ভাগ্য রানী দাস
বড় ভাই উত্তম চন্দ্র দাস
বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে।
মামলার পরপরই রাতের অভিযানে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গ্রেফতার করে প্রধান আসামি সুমন চন্দ্র দাসকে।
র্যাবের বক্তব্য
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, “মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই রাজামেহার এলাকা থেকে সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।”
Leave a Reply