
মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট, ২৬ আগস্ট ২০২৫ আগামী ২৮ ও ২৯ আগস্ট হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফে বাৎসরিক পবিত্র উরুস মোবারককে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা।
সভায় মাজারের পবিত্রতা রক্ষা, অনৈসলামিক কার্যক্রম বন্ধ, জিয়ারতের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় আলোচনা করা হয়। এসময় পুলিশ কমিশনারকে সভাপতি করে একটি তদারকি কমিটি গঠন করা হয়, যারা উরুস চলাকালে সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
পুলিশ কমিশনার বলেন, “পবিত্র উরুস মোবারক চলাকালে মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নাচ-গান, অশ্লীলতা বা অনৈসলামিক কোনো কার্যকলাপ যাতে না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”
নিরাপত্তার অংশ হিসেবে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে বলে জানান তিনি। উরুস মোবারক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-৯, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, শাহপরাণ মাজার কমিটি এবং মোতাওয়াল্লী ও খাদেমসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply