
শফিকুল ইসলাম সোহেল (ঢাকা জেলা উত্তর প্রতিনিধি) :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাভারে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন জাবি শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারে ভুক্তভোগী ছাত্রীকে ফেলে দেওয়া হয়। আহত অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন।
আহত ছাত্রীর সহপাঠীরা জানান, টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। বাসে ওঠার সময় চালকের সহকারী ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? শিক্ষার্থী জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চালকের সরকারি শুনতে পান জামগড়া, বাসে উঠার পর আবারও ছাত্রীকে জিজ্ঞেস করা হয় কোথায় যাবেন? এবারও একই কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবার চালকের সহকারি ঠিকমতো শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় ছাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। বাস থেকে পড়ে পায়ে আঘাত পান তিনি। ঘটনাটি জানাজানি হলে তার সহপাঠীরা রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে রাজধানী পরিবহনের বাসগুলো আটক করতে শুরু করেন।
ভুক্তভোগী ছাত্রী জানান, আমাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় আমি পায়ে প্রচুর ব্যথা পেয়েছি। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই।
শিক্ষার্থীরা জানান,
যে ধাক্কা দিয়েছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে, যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ করা না হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। একজন ছাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া দুঃখজনক। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাসের মালিকপক্ষ বিশ্ববিদ্যালয়ে আসবে বলে জানা যায়। তারা এলে আলোচনা মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে ।
Leave a Reply