
মোঃ শফিকুল ইসলাম সোহেল,ঢাকা জেলা উত্তর, সাভার প্রতিনিধি :৬ দফার দ্রুত বাস্তবায়ন ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সিটি ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।
আজ (০৭ নভেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে খাগান- বিরুলিয়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন পালন করে কয়েকশত শিক্ষার্থী। এ সময় সেখানে সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে খাগান বাজার প্রদক্ষিন শেষে ক্যাম্পাসের মূল ফটকে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানান। শিক্ষার্থীরা জানান তদন্তের নামে ইউসিজির কালক্ষেপণ ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্দেহ জাগাচ্ছে। না হলে দশদিন পেরিয়ে গেলেও এখনও কোন সিদ্ধান্ত জানাতে পারেননি তারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
এ সময় আঞ্চলিক সড়কটিতে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ থাকে ।
উল্লেখ্য গত রবিবার ২৬ অক্টোবর থুতু দেওয়াকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাতে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে হামলা, ভাংচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়। উভয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করার পর ড্যাফোডিল গত ১ নভেম্বর ও সিটি ইউনিভার্সিটি ৪ নভেম্বর থেকে খুলে দেওয়া হয়েছে।
Leave a Reply