
সজিব আহমেদ,প্রতিনিধি:ভালুকা(ময়মনসিংহ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও সাধারণ ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টির লক্ষ্যে বিশেষ টহল ও মহড়া পরিচালিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের বিশেষ নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত এই টহলে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। টহল দলটির সমন্বয়ে ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসেন।
বিকাল থেকেই প্রশাসনের এই বিশেষ টিমটি ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা পর্যবেক্ষণ চালায়। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।এসময় কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র সদস্যগণ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা মহড়া প্রদান করেন।
টহল চলাকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরণের সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর ও ভীতিহীন পরিবেশ বজায় রাখাই প্রশাসনের মূল লক্ষ্য। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশনায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের এই যৌথ তৎপরতা চালানো হচ্ছে।
এই টহল কার্যক্রমের ফলে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে মাঠ পর্যায়ে এমন সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply