
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লা (উত্তর) জেলা:কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য আবারও এলো হতাশার খবর। আপিল বিভাগের চেম্বার আদালতেও স্বস্তি মেলেনি তার। ঋণখেলাপি হিসেবেই তাকে বহাল রেখেছে আদালত, ফলে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের পথ এখনও খুলেনি।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন। একইসঙ্গে ঋণখেলাপি সংক্রান্ত মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই সিদ্ধান্তে কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে দায়ের করা আবেদনে আইনজীবী আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করেছেন। সে কারণে হাইকোর্টে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন চেম্বার আদালত। পরবর্তীতে সেই আদেশ প্রত্যাহারের আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী নিজেই।
এদিকে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জুলাই আন্দোলনের প্রথম সারির নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফলে ঋণখেলাপি ইস্যুতে বিএনপি প্রার্থীর আইনি জটিলতা এই আসনের নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply