
আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:(কুমিল্লা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, লুটেরাদের টাকার বিনিময়ে ভোট দিলে জনগণকে পরবর্তী পাঁচ বছর শুধু ভোগান্তি পোহাতে হয়। তাই রাজনীতিতে যেন লুটেরা, ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজরা ঢুকতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এক উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আপনারা আমাকে একবার বিনা পয়সায় ভোট দিন, আমি আপনাদের পাঁচ বছর বিনা পয়সায় সেবা দেব। আমার প্রতীক ‘শাপলা কলি’র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই। ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা অনেক উত্তম।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছু মানুষ রাজনীতিকে ব্যবহার করছে নিজেদের অবৈধ অর্থ নিরাপদ করার হাতিয়ার হিসেবে। তারা সংসদীয় মনোনয়নকে লুটপাটের লাইসেন্স মনে করে দেশজুড়ে গুন্ডাপান্ডা, ট্যাক্স ফ্রি গাড়ি, ঠিকাদারি ব্যবসা ও নানা সুবিধা ভোগ করে।
তিনি আরও বলেন,
“এরা রাজনীতিকে পেশা বানিয়ে ব্যাংক লুট, সন্ত্রাস আর চাঁদাবাজির রাজনীতি করে। জনগণের ভোট কিনে ক্ষমতায় গিয়ে আবার জনগণের ওপরই জুলুম চালায়। এদের প্রতিহত করতেই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন রাজনীতির প্রয়োজন। তিনি দাবি করেন, তার রাজনীতি ক্ষমতা কিংবা ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশে বলেন,
“আপনার ভোট যদি সৎ মানুষের হাতে যায়, তাহলে দেশ বাঁচবে। আর যদি লুটেরাদের হাতে যায়, তাহলে দেশ আরও পিছিয়ে পড়বে।”
Leave a Reply