
আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ,কুমিল্লাঃ কুমিল্লা দেবিদ্বারে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শক্তি প্রদর্শন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি দেবিদ্বার মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দেবিদ্বারের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রত্যাহার করা প্রার্থী মোফাজ্জল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলার যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর জামায়াতের আমির ফেরদাউস আহম্মেদ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কুমিল্লা-৪ আসনে সৎ, দেশপ্রেমিক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। তারা জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এই নির্বাচন কেবল একটি সংসদীয় নির্বাচন নয়, বরং দেশ ও জনগণের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই সকলকে বিভ্রান্তি এড়িয়ে সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
Leave a Reply