
মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী বহুতল ভবনের ৯ম তলা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। নিহত রোগীর নাম ফয়েজ আহমদ (৩০)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
জানা যায়, ফয়েজ আহমদ সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে তিনি হাসপাতালের ৯ম তলার সিঁড়ির জানালা দিয়ে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ফয়েজ আহমদ মূত্রনালি ও মূত্রথলির সমস্যায় ভুগছিলেন। সোমবার তাঁর অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু তার আগেই তিনি লাফ দেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারের ভয়েই তিনি ভবন থেকে লাফ দিয়েছিলেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply