
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১৩ বছর আজ। এত বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না পাওয়ায় আজও অনেকেই ফিরতে পারেননি তাদের স্বাভাবিক জীবনে। এ কারণে আহত ও নিহত পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
জানা যায়, ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরীন ফ্যাশন নামের পোশাক কারখানার নিচতলার গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পরে ৯ তলা পুরো ভবনে। এ সময় নিচের ফটক ছিল তালাবদ্ধ। সেদিন জীবন বাঁচাতে অনেকেই ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন আর যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। সরকারি হিসাবে এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন। আহত হয়েছেন এক হাজারের বেশি শ্রমিক এবং পঙ্গুত্ববরণ করেন ১৭২ জন।
যেসব শ্রমিক ভবনের ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়ে জীবন বাঁচিয়েছিলেন তাদের বেশিরভাগ শ্রমিকের হাত, পা, বুকের পাঁজর ও কোমড়সহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন, হারিয়ে ফেলেন কর্ম ক্ষমতা। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে বেড়ায়।
ঘটনার ১৩ বছর পার হয়ে গেলেও আজও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। অনেকে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ এ সময়ে নিজেদের অধিকার বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হন আহত ও নিহতদের পরিবারেরা ।
হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। এ ছাড়া এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে যেনো সঠিক শাস্তি নিশ্চিত করা হয়। এটাই আমাদের প্রত্যাশা।
২৪-১১-২০২৫
Leave a Reply