
মুমিন আহমদ মারুফ সিলেট জেলা প্রতিনিধি: সিলেট ক্রমেই ডেঙ্গুর নতুন আতঙ্কে পরিণত হচ্ছে। বৃষ্টি আর অব্যবস্থাপনার সুযোগে শহরের অলিগলি দখল নিয়েছে এডিস মশা। প্রতিদিনই জ্বরাক্রান্ত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে, যাদের বড় অংশই ডেঙ্গুতে আক্রান্ত।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে জানা গেছে, রবিবার (১৭ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮ জন— হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলে ১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় আক্রান্ত ২৪ জন, সুনামগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ৩৬ জন। তবে এখনো ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—এভাবে সংক্রমণ বাড়তে থাকলে সিলেটের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আক্রান্তদের অনেকেই শিশু ও বয়স্ক হওয়ায় জটিলতাও বাড়ছে প্রতিনিয়ত।
সচেতনতা, মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস ও সম্মিলিত পদক্ষেপ ছাড়া এ বিপদ থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Leave a Reply