
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি: ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাভারের আমিনবাজারের এক বাসিন্দাসহ অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার ১৯ আগস্ট ভোরে সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি পরিচয় নিশ্চিত করা গেছে।
নিহত বাংলাদেশিদের মধ্যে সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা আহামেদ বাবুর (৩০) মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আমিনবাজারের বেগুনবাড়ি শিকদারপাড়ার মৃত আদম আলীর ছেলে এবং স্থানীয় মসজিদ মার্কেটে কসমেটিকস ব্যবসা করতেন। চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারতে অবস্থানকালে তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে আনুমানিক ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামক আবাসিক হোটেলে হঠাৎ আগুন লাগে। হোটেলের এসি কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে আটকে পড়া অন্তত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে তীব্র ধোঁয়া ও আগুনে শ্বাসরুদ্ধ হয়ে এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত করা গেছে, তারা হলেন, আহামেদ বাবু (৩০), সাভারের আমিনবাজার বেগুনবাড়ি শিকদারপাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে ও কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য। তারা সবাই চিকিৎসা ও বেড়ানোর উদ্দেশ্যে ভারতে অবস্থান করছিলেন। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি। তাদের শনাক্তকরণের কাজ চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে। উপহাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাহতদের পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করছে।
এদিকে সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহামেদ বাবুর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply