
ইব্রাহিম আল সোহাগ, চট্টগ্রাম:আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম নগরীতে ডোর টু ডোর ময়লা সংগ্রহের জন্য নগরবাসীর কাছ থেকে আলাদা কোনো ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) হালিশহর এইচ ব্লকে খেলার মাঠ কাম ওয়াকওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মেয়র জানান, এতদিন ডোর টু ডোর ময়লা সংগ্রহের জন্য বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে বাসাবাড়ি থেকে টাকা নেওয়া হতো। নানা অভিযোগ ও অনাগ্রহের বিষয় বিবেচনায় নিয়ে এ ফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন থেকে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান ভেন্ডারদের সঙ্গে কর্পোরেশনের কর্মীদের সমন্বয় করে কাজ পরিচালনা করা হবে এবং প্রয়োজন হলে ভর্তুকি দেওয়া হবে।
মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কর্মীরা নিয়মিত ময়লা সংগ্রহ করতে গেলে যেন বাসিন্দারা সময়মতো ময়লা দেন। এতে ময়লা জমে থাকবে না, মশার উপদ্রব কমবে এবং নগরীর পরিবেশ পরিষ্কার থাকবে।
এ সময় তিনি আরও জানান, হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘোষণার পর উপস্থিত এলাকাবাসীর মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করছেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে।
Leave a Reply