
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া কপোতাক্ষ নদ থেকে একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদা ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে একলাস হোসেন তার প্রায় নতুন ইঞ্জিনচালিত ভ্যানসহ নিখোঁজ ছিলেন। পরদিন ২০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা মরদেহটি একলাস হোসেনের বলে শনাক্ত করেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারণা, ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা একলাস হোসেনকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
Leave a Reply