
ওয়াহিদুল ইসলাম সাফুয়ান, ছাতক প্রতিনিধি :সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে অজ্ঞাত একটি ভারতীয় মোবাইল নম্বর (+৯১৭০৪৪৮০৪১৭৮) থেকে হোয়াটসঅ্যাপ কল ও বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হঠাৎ ওসির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে। কলটি না ধরে রাখলে সঙ্গে সঙ্গেই আসে একটি বার্তা। এতে লেখা ছিল:
> ❝আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না। মাইন্ড ইট।❞
ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, তিনি কলটি রিসিভ করে হুমকিদাতার পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, “সময়মতো সামনে এসেই পরিচয় দেব।” এরপর ওসি নিজেই কলটি কেটে দেন।
তিনি বলেন, “ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রযুক্তিগতভাবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ধরনের হুমকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না।”
এ বিষয়ে ছাতক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা যায়।
এদিকে, হুমকির বিষয়টিকে কেন্দ্র করে ছাতকসহ পুরো সুনামগঞ্জ জেলায় উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অপরাধীর শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
Leave a Reply