
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :আশুলিয়ায় র্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই একটি ট্রাক ডাকাতি করেছে কতিপয় দুর্বৃত্তরা। আজ রবিবার (৩০ নভেম্বর ) রাত সাড়ে তিন টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে। পরে তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সাহায্যে দ্রুত অভিযান চালিয়ে দুপুরে ময়মনসিংহ থেকে ৫টি গরুসহ ট্রাকটি উদ্ধার করা গেলেও এখনও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।
পুলিশ জানায়, রাতে বগুড়া থেকে ত্রিশটি ছোট বড় গরু নিয়ে ছেড়ে আসা ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বরের একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সাভারের আশুলিয়ার ডিইপিজেডের সামনে পৌছায়। এ সময় তাদের ওই ট্রাকটি মাইক্রোবাসযোগে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব এর পরিচয়ে গতিরোধ করে । ট্রাকটির ড্রাইভার হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে তাদেরকে দুর্বৃত্তদের মাইক্রোবাসে তুলে। পরে গরুর ট্রাক নিয়ে দুর্বৃত্তরা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দিকে নিয়ে চলে যায়। পথিমধ্যে চন্দ্রার কাছাকাছি এসে ট্রাকের ড্রাইভার হেলপার ও তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান আরও বলেন, পুলিশ ইতিমধ্যে ডাকাতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। কিছু গরু উদ্ধার করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রুতই তাদের আইনের আওতায় আনা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply