
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি :ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেন্ডা সংলগ্ন স্থানে একটি পার্কিং করা বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসটির প্রায় দশ শতাংশ ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ঘটে।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পলাশ মিয়া জানান, রাত প্রায় এগারোটার দিকে খবর পেয়ে দুইটি ইউনিট গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে গিয়ে বাসটির আগুন পুরোপুরি নির্বাপন করে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও কেহ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
বাসচালক মোঃ সেলিম জানান, রাতে গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় বাসের ভেতরে সামনের অংশে বিছনা করে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়।
পরে বাসের পেছন দিকে লাগা আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাস থেকে নেমে যাই। বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর কাজ করেন। তবে কিভাবে বাসে আগুন লেগেছে তা তিনি দেখেননি বলেও জানান।
বাস মালিক মোঃ রফিকুল ইসলাম খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি জানিনা। আমার কোন শত্রু নেই। তাই কে বা কারা আগুন লাগাবে? তার এই বাসসহ নয়টি বাস আছে। এটি মেট্রো গার্মেন্টস নামের কারখানার শ্রমিকদের যাওয়া আসার কাজে ব্যবহার হতো বলেও তিনি জানান।
এ ব্যাপারে সাভার থানা পুলিশ পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এটি দুর্বৃত্তদের দ্বারা কোন নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
Leave a Reply