
শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি:মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোটা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি তলিয়ে যায়।
দুর্ঘটনাগ্রস্ত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নোঙর করা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা লোড করে ‘এমভি ফুলবাড়ি’ মোংলার দিকে আসছিল। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোটা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এসে ‘এমভি ফুলবাড়ি’কে ধাক্কা দিলে জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি ‘আইআরএস ইন্টারন্যাশনাল’ কোম্পানির মালিকানাধীন। তবে দুর্ঘটনায় পড়া কার্গো জাহাজের ৯ জন কর্মী সাঁতরে পাশের আরেকটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল।
তবে জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল নৌ-রুট পুরোপুরি নিরাপদ আছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন সদস্য কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই রুট দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে। জাহাজের মালিকপক্ষ দ্রুত জাহাজ উদ্ধারের ব্যবস্থা নেবে।#
Leave a Reply