
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একই ঘটনায় মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।সংবাদ ওয়েব ডিজাইন
রবিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোস্টেশনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ স্টেশনগুলো বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪সহ কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।
ঘটনাস্থলে উপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এখানে সড়ক আটকে রেখে জনদুর্ভোগ তৈরি করার কোনো কারণ দেখি না। আমাদের কাছে মনে হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোন গোষ্ঠী যুক্ত হয়ে অরাজকতা বা আইনশৃঙ্খলার অবনতি করার ষড়যন্ত্র থাকতে পারে।’
Leave a Reply