
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়ার স্থানীয় হিন্দু মন্দিরে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি। সেখানে তিনি শারদীয় উৎসবের আমেজে অংশ নেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। পূজা মণ্ডপে উপস্থিত হয়ে নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। দেশের প্রতিটি নাগরিক যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রহরীর মতো পাহারা দেবে এবং পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়া, স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি প্রদানের পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিও বিশেষ তাগিদ দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply