
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাংলাহিলি এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রোববার বিকেলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
যারা আটক হলেন: উপজেলার মুহারাপাড়া এলাকার মাহে আলম প্রধান (৫০), তার ছেলে রিমন (২৮) ও শাহরিয়ার প্রধান রিফাত (২৫) এবং ধরন্দা গ্রামের বেলাল হোসেন (৩০)। এদের মধ্যে মাহে আলম প্রধান হাকিমপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি এবং তার ছেলে রেজওয়ান প্রধান রিমন হাকিমপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক।
জানতে চাইলে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিজিবির দুটি টহলদল, স্থানীয় পুলিশের একটি দল, এসআরবি দিনাজপুরের দুটি দল, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের চাহিদা ও সরবরাহের উদ্দেশ্যে মজুত করা মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। প্রথম স্থানে একজনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় স্থানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর মোট সিজার মূল্য ১ লাখ ৭৮ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, যৌথ বাহিনীর অভিযানে আটক চারজনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply