
শাওন আকবার শান্ত,মোংলা প্রতিনিধি:মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, ইতালীয় নাগরিক, কবি ও লেখক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মোংলা উপজেলার শেলাবুনিয়ায় ফাদার মারিনো রিগন মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে ফাদার রিগনের সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল।
এ সময় বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, মনীন্দ্রনাথ হালদার, সহকারী প্রধান শিক্ষক চিরঞ্জিত সরকার, সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার, উদয়ন সমাজ সংঘের জানে আলম বাবু, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোল্লা আল মামুন, সঞ্জয় সরদার, হিউবার্ট সরদার ও পলাশ হালদার।
সভা শেষে ফাদার রিগনের সমাধিতে শ্রদ্ধা জানায় সেন্ট পলস ধর্মপল্লী, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, মোংলা নাগরিক সমাজ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও সেবা সংস্থাসহ বিভিন্ন সংগঠন। পরে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
প্রসঙ্গত, ফাদার মারিনো রিগন মোংলা অঞ্চলে সেন্ট পলস স্কুল সহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান, সেন্ট পলস হাসপাতাল ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন। দীর্ঘ ৫০ বছর যাজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা, সমাজ উন্নয়ন ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ২০১২ সালে তিনি মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পান।
২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী মৃত্যুর এক বছর পর বাংলাদেশ সরকার তার মরদেহ ইতালি থেকে দেশে এনে মোংলার শেলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে।#
Leave a Reply