
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খলনায়ক ও শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের প্রয়াণ দিবস আজ ১৪ নভেম্বর। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা যান তিনি। অভিনয়, সংলাপ বলার নিজস্ব ধরন ও ভরাট কণ্ঠ দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকী উপজেলায় জন্মগ্রহণ করেন রাজীব। কর্মজীবনের শুরুতে তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে মঞ্চ ও টেলিভিশনে নিয়ে আসে। ১৯৭৯ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে কাজী হায়াৎ পরিচালিত ‘খোকন সোনা’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন। তবে খলনায়ক ও চরিত্রাভিনেতা হিসেবেই বেশি পরিচিতি পান তিনি।
পর্দায় তার তীক্ষ্ণ চাহনি, গম্ভীর কণ্ঠ ও সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি দর্শকদের মুগ্ধ করত। ‘দাঙ্গা’ সিনেমায় তার বলা ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি এখনো দর্শকের মুখে মুখে ফেরে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘হীরামতি’, ‘ভাত দে’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘সত্যের মৃত্যু নেই’ ও ‘সাহসী মানুষ চাই’। ‘হীরামতি’ (১৯৮৮), ‘ডাঙা’ (১৯৯১), ‘বিদ্রোহ চারিদিকে’ (২০০০) এবং ‘সাহসী মানুষ চাই’ (২০০৩) সিনেমায় অভিনয় করে স্বীকৃতিস্বরূপ চারবার ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সাংগঠনিক কাজেও যুক্ত ছিলেন রাজীব। ‘ফ্রেন্ডস মুভিজ’ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও।
ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালে এক নৌকাডুবির ঘটনায় যমজ দুই সন্তানকে হারান তিনি। সেই শোক বুকে নিয়েই চালিয়ে গেছেন অভিনয়। পর্দায় তার রেখে যাওয়া অসংখ্য চরিত্র আজও দর্শকের স্মৃতিতে জীবন্ত। প্রয়াণ দিবসে এই অভিনেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন ভক্ত ও সহকর্মীরা।
Leave a Reply