
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সুরমা চা-বাগান এলাকার মৃত রাজকুমারের মেয়ে জানকী ভর (৩০) এবং গোয়াছনগর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩০)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে এসআরবি-৯, সিলেটের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুরমা চা-বাগানের জানকী ভরের বসতঘরে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি কালো পলিথিনে রাখা ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের লক্ষ্যে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply