
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের সামনের সড়কে মঙ্গলবার দুপুরে সরকারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলের ধাক্কায় মঙ্গলবার (২৪নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়খলা গ্রামে। তিনি ওই গ্রামের মুকশেদ আলীর স্ত্রী। মোটরসাইকেলটি ধর্মপাশা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মু. জাকির হোসেনের ছিল বলে জানা গেছে। মোটরসাইকেলটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী কিবরিয়া জামান চালাচ্ছিলেন। আর তাঁর পেছনে বসা ছিলেন পিআইও মু.জাকির হোসেন।
এলাকাবাসী ও নিহত ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ওই নারী নিজ বাড়ি থেকে পাশের জিংলীগড়া গ্রামে এক কবিরাজের বাড়িতে চোখের চিকিৎসা নিতে রওয়ানা হন। তিনি জিংলীগড়া গ্রামের সামনের সড়কে বেলা সাড়ে ১২টার দিকে পৌঁছা মাত্রই পিআইওর মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা মেরে সড়কের নীচে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. জাকির হোসেন বলেন, মোটর সাইকেলের হর্ণ শুনে ওই নারী সড়ক পারাপার হতে দৌড় দেন। এ সময় আমার মোটরসাইকেলটির সঙ্গে ওই নারীর ধাক্কা লাগলে তিনি সড়কের নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে আমাদের কোনো দোষ ছিল না।ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply