
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। ১৯৯৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কাজিপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া।
আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ ১৫ বছর কাজিপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগার পর ৫৮ বছর বয়সে ২৩ নভেম্বর বেলা ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর সংবাদে তৎকালীন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি কাজিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমও শোক প্রকাশ করেন। শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তৎকালীন সময়ে প্রয়াত এই নেতার স্মরণে কাজিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভার আয়োজন করা হয়েছিল। ২৪ নভেম্বর কাজিপুরের নাটুয়ারপাড়া কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। জানাজায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল কুদ্দুস সরকার কাজিপুরে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবদান স্থানীয় রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
আজ তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।
সংবাদ সূত্র: সংরক্ষিত পুরোনো সংবাদপত্রের প্রতিবেদন
Leave a Reply