
মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে সাকিব আহাম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অপহরণের পর ওই কিশোরীকে প্রায় এক মাস একটি ভাড়া বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাকিব আহাম্মেদ দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের দক্ষিণপাড়ার ছামার বাড়ির মনু মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার নূরপুর দক্ষিণপাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ির নিচতলা থেকে সাকিব আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে বান্ধবীর সঙ্গে দেখা করতে দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের সড়কে যায় ওই কিশোরী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সাকিব আহাম্মেদ, তার খালা রেখা বেগম (৪৫) এবং অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।
মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি। মামলায় সাকিব আহাম্মেদ ও তার খালা রেখা বেগমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, অপহরণের পর তার মেয়েকে কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসায় আটকে রেখে প্রায় এক মাস ধরে নির্যাতন করা হয়েছে।
এদিকে অভিযুক্ত সাকিব আহাম্মেদের মায়ের দাবি, তার ছেলে ও ওই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে মেয়েটির বয়স কম হওয়ায় তাকে বাড়িতে পাঠানোর জন্য বোঝানো হয়েছিল। বয়স উপযুক্ত হলে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, মেয়েটিকে কোনোভাবেই বাড়িতে পাঠানো সম্ভব হয়নি। পরে ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে বলে তিনি জানতে পারেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা করা হয়েছে। কিশোরী নাবালিকা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গ্রেপ্তার সাকিব আহাম্মেদকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply