
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্য ইসমাইল কোসারি। একই সঙ্গে এই জলপথে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা না করতে প্রতিবেশী দেশ ও ইউরোপীয় রাষ্ট্রগুলোকেও সতর্ক করেছেন এই আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য কোসারি।
তিনি জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই শুরু করেছিল। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রসঙ্গে কোসারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতা দিয়েই মার্কিন নৌ-অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ভয়ে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে কোসারি বলেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড বা সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইরানে হামলার জন্য কোনো দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে তার দায়ভার ওই দেশকেই নিতে হবে। এমনকি ইউরোপের আকাশসীমা ব্যবহার করে হামলা চালানো হলেও ইরান কঠোর জবাব দেবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এই জলপথে সংঘাত বা জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তথ্যসূত্র: আলজাজিরা।
Leave a Reply