
মোঃ আমজাদ হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ডিস লাইনের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুকি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাশেদ (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর উপজেলা সদরের মধ্যনগর মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুকি আক্তার মধ্যনগর গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে প্রবাসী শাকিল আহম্মেদের স্ত্রী। তিনি নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তারের মেয়ে। আহত রাশেদ একই গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান, মুরাদনগর-রামচন্দ্রপুর আঞ্চলিক সড়কের ওপর দিয়ে তার দোকান থেকে খুকি আক্তারের বাড়িতে ডিস লাইনের সংযোগ নেওয়া হয়েছিল। যানবাহন চলাচলের কারণে প্রায়ই তারটি ছিঁড়ে যেত। শুক্রবার বিকেলে ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে যান খুকি আক্তার ও প্রতিবেশী কিশোর রাশেদ।
তিনি জানান, ডিসের তারটি বৈদ্যুতিক লাইনের ওপর দিয়ে নেওয়ার জন্য রাশেদকে একটি দোকানের ছাদে ওঠানো হয়। অন্যদিকে, খালি পায়ে দোকানের নিচে ডিসের তার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন খুকি আক্তার। এ সময় রাশেদ তারটি বৈদ্যুতিক লাইনের ওপর দিয়ে ছুড়ে দিলে বিদ্যুতের সংস্পর্শে এসে খুকি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সময় বিকট শব্দে রাশেদও ছাদের ওপর অচেতন হয়ে পড়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত খুকি আক্তারকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আহত রাশেদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ঘটনার খবর পুলিশের কাছে নেই। কেউ থানায় মৃত্যুর বিষয়টি অবহিত করেননি।
Leave a Reply