
মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি:ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরি এবং প্রতি বছর ১৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির দাবি বাস্তবায়নে আশুলিয়া শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ তীব্র রূপ নিয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ৯ দফা ও মজুরি বাড়ানোর দাবিতে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। এ সময় উত্তেজিত শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শারমিন গ্রুপ, এনভয় ও স্টারলিংসহ কয়েকটি কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে সকালের দিকেই আন্দোলনকারী শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে আঞ্চলিক সড়ক অবরোধ ও মিছিলের চেষ্টা চালান। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে শুরু হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ২ জন সাধারণ শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার নতুন মজুরি কাঠামোতে ৯ শতাংশ বার্ষিক বৃদ্ধির কথা বললেও বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা ন্যূনতম ৩০,০০০ টাকা মাসিক মূল মজুরি এবং বার্ষিক ১৫% বৃদ্ধি চালুর জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এদিকে সংঘর্ষের ঘটনার পর অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে পুরো আশুলিয়া শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাইপাইল, জিরানী, নরসিংহপুর ও জামগড়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শিল্প পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের সরে যেতে বলা হয়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও থমথমে ভাব বিরাজ করছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চালানো হচ্ছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply