
গাজা উপত্যকায় খাদ্য সহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক হামলায় আরও একজন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের এসব হামলার ঘটনা ঘটল। এর মধ্যে শীতকালীন বৃষ্টি ও বন্যায় গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে নিয়োজিত একটি ভ্যানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি রয়টার্সকে জানান, গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
হামলার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি তাঁবুতে বসবাস করা দরিদ্র ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করছিল। শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য গাড়িটি থামতে যাচ্ছিল, ঠিক তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজ যারা করছে, তারাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, নিহত ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।
এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো সেখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা।
পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের হামলা:
গাজায় হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।
শুক্রবার রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে। এ ঘটনায় আরও এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেন, বসতি স্থাপনকারীরা প্রায় দায়মুক্তি নিয়েই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে।
শীতের আবহাওয়ায় বাড়ছে মানবিক সংকট:
এদিকে শীতকালীন বৃষ্টি ও বন্যায় গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, রান্নার জন্য ফিলিস্তিনিদের আবর্জনা পোড়াতে হচ্ছে। সংস্থাটির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, এখন সেই আবর্জনাও ভিজে গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে গাজায় পাঠানো যাচ্ছে না। তাঁবুর মাঝের খুঁটির ব্যাস কত হবে, সে বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আইওএমের গাজা কর্মসূচির প্রধান কার্ল বেকার বলেন, এসব তাঁবু কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এ সময়ে ইসরায়েল ৬০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এ ছাড়া তিন বছর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামনে দিনগুলোতে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আল জাজিরার প্রতিবেদক।
Leave a Reply