
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষার জন্য তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নিয়ে যাওয়া হয়।
ওই কর্মকর্তা বুধবার বলেন, তার রক্তচাপ সংক্রান্ত কিছু সমস্যা ছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে ফের তার কারাকক্ষে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
২০২২ সালে পার্লামেন্টের এক অনাস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক তারকা ক্রিকেটার ইমরান। তারপর থেকে দুর্নীতির একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন তিনি এবং তিন বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন।
ইমরানের বিরুদ্ধে একটি ছাড়া সব সাজাই স্থগিত বা বাতিল করা হয়েছে আর এগুলোর বিরুদ্ধে আপিল প্রক্রিয়াধীন।
Leave a Reply