
বাংলা গানের বিকাশ ও নতুন শিল্পীদের কাজের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘কান্তারপল্লী মিউজিক’। বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে গান প্রকাশ ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
রাত ৯টায় আয়োজিত অনুষ্ঠানে কান্তারপল্লী মিউজিকের প্রথম প্রকাশনা হিসেবে ‘আমার নাই ঘরবাড়ি’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। গানটির কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফয়েজ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক এমএম ইউনুসুর রহমান। আরও উপস্থিত ছিলেন গীতিকার নীহার আহমেদ, সোহাগ ওয়াজিউল্লাহ, রবিউল ইসলাম রবি, শেখ আলমাছ ও মোহাম্মদ লিটন; কণ্ঠশিল্পী ফয়েজ ও সোহেল সামি; কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা এবং এস কে সাগর শান; সংগীত পরিচালক আহমেদ সজীব ও মারুফ চৌধুরী; ভিডিও নির্মাতা এস এম করিম এবং সিনেমাটোগ্রাফার এসকে আসফিসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা নতুন এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের পথচলাকে স্বাগত জানান।
গীতিকার সাইফুল বারীর উদ্যোগে প্রতিষ্ঠিত কান্তারপল্লী মিউজিকের মূল লক্ষ্য বাংলা গানের বিকাশে ভূমিকা রাখা, নতুন প্রতিভাবান শিল্পী ও সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি এবং মানসম্মত গান প্রকাশ করা।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এই উদ্যোগ বাংলা সংগীতাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।
দৈনিক যমুনা এক্সপ্রেস / কেএম
Leave a Reply